আপনার নিয়ত একদম পরিষ্কার, অথচ আপনাকে ভুল বোঝা হচ্ছে...
আপনি মন থেকে উজাড় করে দিলেন, অথচ আপনার সম্পর্কে বলা হলো ঠিক তার উল্টোটা। ঠিক সেই মুহূর্তে... মানুষের কাছে নিজেকে প্রমাণ করার চেয়েও আপনার বেশি যা প্রয়োজন, তা হলো একটি ধ্রুব সত্য মনে রাখা; একজন আছেন, যিনি পুরো সত্যটা জানেন! আল্লাহর সুন্দর নামগুলোর মধ্যে একটি নাম আছে, যা আপনার ভেতরের এই অশান্ত অনুভূতিকে শান্ত করে দেয়, 'আল-খবির' (সবজান্তা)।
আল্লাহ 'খবির' হওয়ার মানে কী?
আল্লাহ তা'আলা সবকিছু জানেন (আলিম), কিন্তু 'খবির' শব্দটির অর্থ আরও গভীর। তিনি শুধু আপনি কী করছেন তা-ই দেখেন না, বরং আপনি কেন করছেন, আপনার ভেতরের তাড়না এবং গোপন উদ্দেশ্যগুলোও জানেন। তিনি জানেন, আপনি কেন চুপ ছিলেন... কেন কথা বলেছিলেন... কেন মনে কষ্ট পেয়েছিলেন... এমনকি আপনি নিজের কাছে যা লুকিয়ে রেখেছেন, সেটিও তিনি জানেন। কাজ করার আগেই তিনি আপনার 'নিয়ত' দেখেন, আর ভুল বোঝাবুঝির আড়ালে ঢাকা পড়ে যাওয়া আপনার 'সততা' কেবল তিনিই দেখতে পান।
আরবি ভাষায় 'খবির' মানে হলো- যিনি জিনিসের আসল সত্য এবং সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি অবগত। আলেমরা বলেন, সাধারণ 'জ্ঞান' বলতে বাইরের অবস্থা বোঝায়, কিন্তু 'খিবরাহ' বলতে জিনিসের আসল রহস্য ও ভেতরের আসল বাস্তবতা বোঝায়। আল্লাহর কাছে কোনো নিয়ত হারিয়ে যায় না, কোনো সততা অস্পষ্ট থাকে না।
এই নামের প্রভাব আপনার জীবনে কোথায়? যখন আপনাকে ভুল বোঝা হয়... মানুষ আপনার পরিস্থিতি দেখে, কিন্তু আল্লাহ সেই পরিস্থিতির ভেতরে আপনার 'মন' দেখেন। যখন আপনি অন্যায়ের শিকার হন... মানুষের কাছে হয়তো আপনার ভাবমূর্তি নষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তা নষ্ট হয় না। যখন আপনি লোকচক্ষুর অন্তরালে কাজ করেন... আপনার সেই হাড়ভাঙা খাটুনি যা কেউ দেখেনি, তা এমন একজনের কাছে জমা আছে যার কাছ থেকে কিছুই এড়ায় না।
'আল খবির' আপনার মাঝে কী পরিবর্তন আনবে? এটি আপনাকে মানুষের প্রশংসার মোহ থেকে মুক্তি দেবে এবং নিজের প্রতি সৎ হতে শেখাবে। আপনি ভালো কাজ করবেন 'মানুষ ভালো বলবে' সেজন্য নয়, বরং 'আল্লাহ দেখছেন' সেজন্য। আপনি পরিশ্রম করবেন কারো হাততালি পাওয়ার জন্য নয়, বরং এই বিশ্বাসে যে, যিনি গোপন ও প্রকাশ্য সব জানেন, তাঁর কাছে আপনার সবকিছুর মূল্য আছে। মানুষের বিচার বা ভুল বোঝাবুঝিতে ভেঙে পড়বেন না। আপনার জন্য এটুকুই যথেষ্ট যে, কেউ আপনাকে চিনুক বা না চিনুক, এমন একজন আছেন যিনি আপনাকে ঠিক তেমনই চেনেন যেমনটি আপনি নিজেকে চেনেন। বরং এরচেয়েও অনেক বেশি চেনেন।
শান্ত হোন... কারণ আপনার ভেতরের সবটুকু আকুতি এবং আপনার প্রতিটি নেক আমল সেই 'আল-খবির' আল্লাহর কাছে অতি যত্নসহকারে সংরক্ষিত।
(আরবি থেকে অনূদিত)
অনুবাদ : সালমান ফারসি